সিবিএন ডেস্ক:
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি, ইতিহাস ও চিন্তাচেতনার ধারক-বাহক। তিনি উল্লেখ করেন, মাতৃভাষার জন্য বুকের রক্ত দেওয়ার মতো ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির গৌরবময় অধ্যায়।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণায় বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সব ধরনের যোগাযোগ মাধ্যমে শুদ্ধ বাংলা চর্চা, মাতৃভাষাভিত্তিক শিক্ষার বিস্তার এবং দেশের আঞ্চলিক ভাষাগুলো সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।