ক্রীড়া প্রতিবেদক:
কক্সবাজার শহরের অভ্যন্তরে প্রথম ‘হক স্পোর্টস এ্যারিনা ফুটবল টার্ফ’ এর জমকালো উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ফিতা কেটে অতিথিরা এই ফুটবল টার্ফের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শহরের ঝাউতলা গাড়ির মাঠে এই ফুটবল টার্ফ সম্পূর্ণ আন্তর্জাতিক আদলে গড়ে তোলা হয়। যেখানে শিশু-কিশোরসহ সবাই ফুটবল আনন্দে মেতে উঠতে পারবে।
প্রবীণ মুরব্বী রশিদ আহমদ হুমায়ুনের সভাপতিত্বে ও টার্ফের পরিচালক আজিজ রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি সাবেক মেয়র প্রার্থী রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন কক্সবাজারের সভাপতি এম আর মাহবুব, হ্নীলার সাবেক চেয়ারম্যান সরওয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক সরওয়ার রোমন, জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি এম. জাহেদ উল্লাহ, জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার বকুল, সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ঝাউতলা সমাজ কমিটির সভাপতি গুরু মিয়া, আজিজুল হক, সাংবাদিক শাহেদ মিজান, ছৈয়দ আলম, তারেকুর রহমান ও জাহাঙ্গীর আলম শামস।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের একটি অংশ ঘরে বসে কম্পিউটার, মোবাইলে খেলে বা খেলা দেখে। এখন ঘরে বসে খেলতে হবে না। শহরে বসবাসরত যারা বাইরে যাওয়ার সুযোগ পায় না তারা শহরের অভ্যন্তরে এই টার্ফে এসে খেলতে পারবেন। এখানে নারীদেরও সুযোগ দিলে ভালো হয়।
‘হক স্পোর্টস এ্যারিনা ফুটবল টার্ফ’ কর্তৃপক্ষ জানালেন, আবাসিক এলাকায় কোন খেলাধুলার মাঠ নেই। যার ফলে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে। তাই এলাকার শিশু-কিশোরদের ক্রীড়াচর্চায় মনোনিবেশ করতে এই টার্ফ তৈরি করা হয়েছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন বলেন, কক্সবাজার স্টেডিয়াম ছাড়া আর কোনো মাঠ নেই। এখানকার বেশিরভাগ মানুষ কর্মজীবী। তাই স্টেডিয়ামে সকলের খেলার সুযোগ নেই। তাই এই টার্ফটি সকলের খেলার জন্য উপযোগী। স্বাস্থ্যকে ভালো রাখার উপায় হল এসব খেলার টার্ফ। এ ধরনের এলাকায় এরকম একটি টার্ফ করা সামাজিক কল্যাণমূলক কাজ।
