কক্সবাজারের সুগন্ধা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরে ভেসে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন আনন্দ ভাড়ি (৪৫) নামের এক পর্যটক। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

তাঁর বাবার নাম চিত্তরঞ্জন ভাড়ি। তিনি টাইটানিক ইলেকট্রনিক্স কোম্পানিতে কর্মরত।

সী সেইফ লাইফ গার্ডের দলনেতা মোহাম্মদ সাইফুল্লাহ সিফাত এই তথ্য জানান।

তিনি জানান, শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুগন্ধা সৈকতে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে সাগরের পানিতে ভেসে যান। খবর পেয়ে সৈকতে দায়িত্বে থাকা সি-সেইফ লাইফগার্ড কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।

পরে দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আনন্দ ভাড়ির বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।