সিবিএন ডেস্ক:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার মধ্যে অব্যবহৃত জমিতে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইতোমধ্যে বিবেচনার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের খসড়া ডিপিপি অনুযায়ী, মাতারবাড়ীর ২ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার মধ্যে থাকা অব্যবহৃত ১৭১ একর জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হবে।

পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা খসড়া ডিপিপিতে প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মাতারবাড়ীতে বিদ্যমান অব্যবহৃত জমি কাজে লাগিয়ে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার সুযোগ তৈরি হবে।