মোঃ আরাফাত সানি, টেকনাফ

টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচ জেলে আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করে আসছিলেন।

আহতরা হলেন- আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫) শফি আলম ও হামিদুল হক। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে তারা ৬ জন উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন। পরে মঙ্গলবার রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাদের নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।

নৌকার মালিক আবদুল আমিন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি বলে তিনি জানান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যায়।