সিবিএন ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি।
সেমিনারে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? না। কিন্তু এর রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।”
তবে কয়েকটি সংবাদমাধ্যম তাঁর বক্তব্যের একটি অংশ—‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই’—শুধু শিরোনামে তুলে ধরায় বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
স্টার নিউজ ‘অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে। একই ধরনের শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে চ্যানেল২৪ ও দৈনিক ইনকিলাব। অন্যদিকে দেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক প্রকাশ করে ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনাম।
এসব শিরোনাম ও ফটোকার্ড দেখে অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের বিরোধিতা করেছেন। কিন্তু তাঁর বক্তব্যের পূর্ণাঙ্গ অংশে আইনি ভিত্তির প্রসঙ্গ উত্থাপনের পাশাপাশি সনদের রাজনৈতিক সমঝোতার গুরুত্বও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
বিশেষ করে তাঁর বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ—“এর (জুলাই সনদের) রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি”—বাদ পড়ায় বক্তব্যের সামগ্রিক তাৎপর্য পাঠকের কাছে যথাযথভাবে পৌঁছায়নি।
সুতরাং, বক্তব্যের একটি খণ্ডিত অংশের পরিবর্তে পূর্ণাঙ্গ বক্তব্য বিবেচনায় নেওয়া জরুরি।
