এম. এ. আজিজ রাসেল;

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে নালার পানির নিচে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কচ্ছপিয়া এলাকায় মাদক কেনাবেচার তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় জেবর মল্লিকের চাষের জমিতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে খালেদা বেগমকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকের পর জিজ্ঞাসাবাদে খালেদা বেগমের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী, চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন একটি নালার পানির নিচে তল্লাশি চালানো হয়। এ সময় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক কারবারে ব্যবহারের অভিযোগে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার খালেদা বেগম ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছেন বলে দাবি করেছে বাহিনীটি। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে।

গ্রেপ্তার নারীকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।