মোঃ আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজারের উখিয়ায় সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬ অক্টোবর ) সন্ধ্যায় হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক সাইফুল ইসলাম কক্সবাজারের রামু থানার ধোঁয়া পালং গ্রামের হোসেন আহামদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।

তিনি জানান, হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজিতে বিজিবি তল্লাশি করেন। এসময় সিএনজির ডান পাশে সন্দেহজনক চেম্বার দেখতে পান। ওই চেম্বারের ভেতরে অভিনব কায়দায় লুকানো নীল রঙের প্যাকেটে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ’সহ চালককে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করে, সে হোয়াইক্যং থেকে ইয়াবাগুলো ক্রয় করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে রামু নিয়ে যাচ্ছিল।

৬৪ বিজিবির অধিনায়ক আরও বলেন, “মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।