হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের ‘সি’ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে জি৯-৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় তিন যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়।

তল্লাশির সময় মোহাম্মদ শাহীনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। কে এম ফজল হকের ব্যাগেজ থেকে জব্দ করা হয় ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ। অপর যাত্রী বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।