মো. আরাফাত সানি, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় নুর কবির নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন নাজিরপাড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, টেকনাফের শিলবনিয়া এলাকায় নুর কবিরের বসতবাড়িতে খুচরা বিক্রির উদ্দেশ্যে মাদক মজুত রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনায় রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির সদস্যরা। পরে রাত ৯টা ৩০ মিনিটের দিকে নুর কবিরের বসতঘর ঘিরে ফেলা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে নুর কবির পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মো. সেলিমকে আটক করা হয়। পরে বসতঘরে তল্লাশি চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক মো. সেলিমের পিতার নাম মৃত লাল মোহাম্মদ। তিনি টেকনাফের শিলবনিয়া পাড়ার বাসিন্দা।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “মাদক কারবারিরা বসতবাড়িকে মাদক মজুতের কাজে ব্যবহার করার চেষ্টা চালালেও বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে তা প্রতিহত করা হবে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আমাদের অভিযান আরও জোরদার থাকবে।”

আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। পলাতক নুর কবিরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।