সিবিএন ডেস্ক:
কক্সবাজারের পেকুয়ায় স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান তিনিই করবেন।’
শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা মোলার পাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে রাশেদ খাঁনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আস্থা রাখার কথা বলেন।
এর আগে রাশেদ খাঁন শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে তিনি ওয়াসিমের বাবা শফিউল আলমের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি সরকার থাকবে। শহীদ ওয়াসিম আকরাম, আবু সাঈদসহ আন্দোলনে নিহতদের হত্যার বিচার হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আপনারা এতটুকু বিশ্বাস রাখুন, পূর্ণ ন্যায়বিচার পাবেন।’
শহীদ ওয়াসিমের কবরের সঙ্গে সংযোগকারী প্রধান সড়কটির টেকসই উন্নয়নের বিষয়েও কথা বলেন রাশেদ খাঁন। তার ভাষ্য, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে আসেন। তাই সড়কটির উন্নয়নে শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উদ্যোগ নেবেন।
জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনার বিষয়ে রাশেদ খাঁন বলেন, যারা আন্দোলনে বিএনপির অবদান নিয়ে প্রশ্ন তোলেন, তাদের জন্য শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ একটি জবাব।
তিনি দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনকে শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা করেছিলেন।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমেদ তখন আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ের কাজ শুরু করেন। একদিকে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছেন, অন্যদিকে রাজনৈতিকভাবে কৌশলগত সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদের ভূমিকার প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, তার সমন্বয় ছাড়া ৩৬ দিনের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো কি না, তা নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে।
এর আগে সকালে চকরিয়া উপজেলায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খাঁন।
কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলা সভাপতি প্রাইম কাদের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্যসচিব আবুল কাশেম নুরী, ইউপি সদস্য শাহেদুল ইসলাম ও জুলাই যোদ্ধা হিরণ সরওয়ারসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
