সিবিএন ডেস্ক;

কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

শনিবার (৩ অক্টোবর) ভোর ৩টার দিকে কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় ‘সৌদিয়া পরিবহন’ নামের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. এবাইদুল্লার ছেলে মো. আইয়াজ (২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত শামছুল আলমের স্ত্রী হাসিনা বেগম (৫৫)।

এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার শহরের দিকে আসছেন বলে তথ্য পাওয়া যায়। পরে তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কক্সবাজারগামী যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

একপর্যায়ে ভোর আনুমানিক ৩টার দিকে ‘সৌদিয়া পরিবহন’ বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ২৬ কেজি গাঁজাসহ আইয়াজ ও হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।