কক্সবাজারের পেকুয়া উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম পর্যায়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি+) আওতায় কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়নে ৪০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে পেকুয়া সদর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির কাজের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। একই দিনে উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে বিভিন্ন রাস্তার উন্নয়ন ও সংস্কারকাজ শুরু হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম পর্যায়ে ১০৩ দিনের কর্মসংস্থান কর্মসূচিতে পেকুয়ার সাতটি ইউনিয়নের মোট ২ হাজার ৪২ জন শ্রমিক অংশ নেবেন। কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিক দৈনিক ৫০০ টাকা মজুরি পাবেন। ফলে কর্মসূচির নির্ধারিত কর্মদিবসে অতিদরিদ্র পরিবারের শ্রমিকেরা অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ পাবেন।
কর্মসূচির আওতায় ইউনিয়নগুলোর বিভিন্ন রাস্তার উন্নয়ন ও সংস্কারসহ সেগুলো জনসাধারণের চলাচলের উপযোগী করার কাজ করা হবে। এর মাধ্যমে একদিকে স্থানীয় অবকাঠামোর উন্নয়ন হবে, অন্যদিকে কর্মহীন ও অতিদরিদ্র মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমদ, উপ-সহকারী প্রকৌশলী সামিউল ইসলাম, সহযোগী প্রতিষ্ঠানের জাহিদ হোসাইন, মোহাম্মদ শরিফ ও আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
