এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া:

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম দরগাবিলের পদ্মা ঢেবা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে দিন-রাত প্রকাশ্যে প্রায় ৩ একর জামবাগান উজাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বেলাল বাহিনীর বিরুদ্ধে।

ভুক্তভোগী নাজুর দাবি, বাপ-দাদার আমল থেকে ভোগদখলে থাকা প্রায় ৩ একর জমির বাগানে বড় বড় জাম, গর্জন, চাপালিশসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল। কিন্তু গত কিছুদিন ধরে অস্ত্রের পাহারায় একের পর এক গাছ কেটে ডাম্পারযোগে সরিয়ে নেওয়া হচ্ছে।

ভুক্তভোগীর অভিযোগ, গাছ কাটার সময় অস্ত্র নিয়ে পাহারায় থাকেন বেলালের ছেলে পাবেল ও নজির আহমদের ছেলে ইমরান। তাদের উপস্থিতি এবং অস্ত্রের ভয়েই স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বলেও দাবি করেন তিনি।

শুধু গাছ কাটাই নয়, এ বিষয়ে প্রতিবাদ করলে ভয়ভীতি প্রদর্শন এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

স্থানীয়দের দাবি, বেলালের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। স্থানীয় সূত্রের দাবি, বেলালের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলাসহ ৬-৭টি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে বাগান উজাড় এবং অস্ত্রের মহড়া চললেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।