ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওয়ে এক কিশোরকে জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু ও ছিনতাই করা আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঈদগাঁও থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাই বাড়ি লামারপাড়ার মো. ফয়সাল (২৬) এবং ইব্রাহিম (২৫)।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ১৭ বছর বয়সী সঞ্জয় কান্তি দাশ প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। পথে ঈদগাঁও বাজারের সিঙ্গার প্লাজার সামনে থেকে তাকে ডেকে নিয়ে ঈদগাঁও-ঈদগড় সড়কের কবির কোম্পানির কলোনির ভেতরে একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়।

সেখানে তার প্যান্টের পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে তাকে মারধর করে তার মায়ের মোবাইল ফোনে কল দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৮ হাজার ৬৬০ টাকা নেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ফয়সাল ও ইব্রাহিমকে গ্রেফতার করে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকুসহ সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ঈদগাঁও থানায় ২৯ সেপ্টেম্বর মামলা নম্বর-১২, পেনাল কোড ১৮৬০-এর ৩৯৪/৩৪ ধারায় মামলা করা হয়েছে।

গ্রেফতার দুই আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ।