নাছির উদ্দিন সোহেল, সিবিএন;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মহেশখালীর নতুন বাজার মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুসজ্জিত মিছিল নিয়ে অংশ নেন। মিছিল ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তারেক রহমানের নির্দেশনায় মহেশখালী ও কুতুবদিয়ার সার্বিক উন্নয়নে ২৪টি জনগুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়েছে। সচিবালয়ে মুখ্য সচিব এসব প্রকল্প গ্রহণ করেছেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, মহেশখালী-কক্সবাজার সেতু ও টেকসই বেড়িবাঁধসহ এসব প্রকল্প বাস্তবায়ন হলে মহেশখালী ও কুতুবদিয়ায় উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তবে এসব প্রকল্পের মধ্যে মহেশখালী-কক্সবাজার সেতু বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এ সময় মহেশখালী-কক্সবাজার নৌপথে নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে পাঁচ টাকার বেশি নেওয়া হলে বিষয়টি প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাবেশে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, মহেশখালী পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।