কনসার্ট, বাউল গান, লোকসংগীত, নাটক, সিনেমা প্রদর্শনী ও নৌকাবাইচসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, হামলা ও হয়রানি বন্ধ করে শিল্পী, আয়োজক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপ, আপত্তি কিংবা হুমকির কারণে আইনসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ না করার দাবিও জানানো হয়েছে নোটিশে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।
নোটিশে বলা হয়, সংবিধানের ৩১, ৩২, ৩৭ ও ৩৯ অনুচ্ছেদে নাগরিকের আইনের আশ্রয়, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডও এসব অধিকারের গুরুত্বপূর্ণ অংশ।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে নোটিশে বলা হয়, কিশোরগঞ্জে স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তির পর একটি কনসার্ট বাতিল করা হয়েছে। সিলেটের বিয়ানীবাজারে সুনাই নদীর নৌকাবাইচ বন্ধের দাবিও উঠেছে। এ ছাড়া শিল্পী অনুপম রায়ের ঢাকার কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হওয়ার ঘটনাও ঘটেছে।
নোটিশে বলা হয়, নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে আইনসম্মত নিয়ন্ত্রণ আরোপ করা যেতে পারে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপের কারণে আইনসম্মত সাংস্কৃতিক আয়োজন বন্ধ করা উচিত নয়।
শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের হুমকি, হামলা, অপমান, হয়রানি কিংবা জোর করে অনুষ্ঠান বন্ধের চেষ্টা হলে তাদের নিরাপত্তা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি হুমকি বা সহিংসতার মাধ্যমে যেন কেউ রাষ্ট্রীয় সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
