নিজস্ব প্রতিবেদক:
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৪৭ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে ফাউজিয়া আফিয়া করিম। এ কৃতিত্বের মাধ্যমে সে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১০৫তম এবং কক্সবাজার জেলার সেরাদের তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে।
ফাউজিয়া আফিয়া করিম ভারুয়াখালীর বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার ফরিদ আহমদ এবং কক্সবাজারের মধ্যম নুনিয়াছড়ার জালাল পেশকার বাড়ির নাজির আবুল হাশেমের নাতনি।
ফাউজিয়ার বাবা মুহাম্মদ রেজাউল করিম ও মা ফারেছা আক্তার—দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষক দম্পতির সন্তান হিসেবে মেয়ের এমন অসাধারণ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
ফাউজিয়ার বাবা-মা জানান, মেয়ের এই অসাধারণ সাফল্যে তারা মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছেন। একই সঙ্গে ফাউজিয়ার সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকসহ যাঁরা তাকে শিক্ষা, পরামর্শ ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা আরও বলেন, “সবার দোয়া, ভালোবাসা ও আশীর্বাদ যেন আমাদের মেয়ের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকে।”
ফাউজিয়া আফিয়া করিমও তার আগামী দিনের পড়াশোনা ও জীবনের সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেছে।
