নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ার খুটাখালীতে দীর্ঘ ৩০ বছরের স্বত্ত্ব দখলীয় আবাদি জমিতে চাঁদার দাবিতে আমন চাষে বাধা দিচ্ছে একটি সন্ত্রাসী চক্র। ১০ আগস্ট দুপুর ১ টায় সংঘবদ্ধ চক্রটি আমন চাষ করতে গেলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জমির মালিক হাজি রমজান আলী সওদাগর আহত হয়েছেন।

তিনি অভিযোগ করেন, চলতি বছর আমন চাষের জন্য জমি তৈরী শেষে চারা রোপন করতে গেলে খুটাখালীর পূর্বপাড়ার হাফেজ আহমদের পুত্র আবদুল মালেক, মাইজপাড়ার ইসলাম আহমদের পুত্র আবদুল মান্নান, মৌলভী ফরিদ (কালু মিয়া ফরিদ) এর পুত্র সালমান বিন ফরিদের নেতৃত্বে একদল লোক আকস্মিক সশস্ত্র হামলা চালায়। এতে তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।

হামলার শিকার রমজান আলী জানান, চক্রটি ইতোপূর্বে তার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে। তা দিতে অপরাগতা প্রকাশ করায় ক্ষুদ্ধ হয়ে আমন চাষে বাধা দিচ্ছে, হামলা করছে। চক্রটির কাছে এলাকার সাধারণ মানুষ জিম্মি।

স্থানীয়রা জানিয়েছেন, খুটাখালী মৌজার হাফেজ খানার দক্ষিণ বিলে ১৯৯৫ সালে ক্রয় সূত্রে ১০ শতক জমির মালিক স্থানীয় মরহুম তমিম গোলালের পুত্র হাজি রমজান আলী। দীর্ঘ তিন দশক ধরে ১৩৩৪ নং দলিল ও ৭৯২ নং খতিয়ানমূলে তিনি উক্ত জমিতে চাষাবাদ করে আসছেন। কিন্তু তার মালিকানাধীন জমিতে চাষাবাদ করতে গেলে স্থানীয় চিহ্নিত চাঁদাবাজচক্র তাকে বাধা দেয়। দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছে, অভিযুক্তরা দখলবাজ ও চাঁদাবাজ শ্রেণীর লোক। এলাকার নানা অপরাধীর সাথে তাদের গভীর সখ্যতা রয়েছে। খুটাখালীর প্রায় সব ধরণের অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তারা জড়িত। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।

এ ব্যাপারে জানতে চাইলে খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, তিনি দু’দিন ধরে অসুস্থ। বাড়িতে আছেন। বিষয়টি তাকে কেউ অবগত করেনি।

চাকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, খুটাখালীতে আমন চাষে বাধা ও হামলার ব্যাপারে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।