এম. মনছুর আলম, চকরিয়া:
এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২৬২ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থী মুনতাকা সোয়াইবা। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের সেরা ২০ মেধাবী শিক্ষার্থীর তালিকায় ১২তম স্থান অর্জন করেছে সে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগীয় মেধাক্রমে তার অবস্থান ৯ম।
মুনতাকা সোয়াইবা ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত চকরিয়া কোরক বিদ্যাপীঠে অধ্যয়ন করেছে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
তার এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, অধ্যবসায়, মেধা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা। তার কৃতিত্বে পরিবার, শিক্ষক ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
মুনতাকা সোয়াইবার বাবা ঈমাম হোছাইন এবং মা উম্মে মোখলেছা খানম। তার মা চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের বাড়ি চকরিয়া থানা সেন্টার এলাকার ভরামহুরীতে।
মুনতাকার বাবা বলেন, “তার এই অর্জনের পেছনে কঠোর পরিশ্রম, মেধা, অধ্যবসায় এবং সম্মানিত শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের আদরের মুনতাকার জন্য সবাই দোয়া করবেন, যেন ভবিষ্যতেও সে তার মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশ ও জাতির জন্য গর্ব বয়ে আনতে পারে।”
মুনতাকা সোয়াইবার এই সাফল্যে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে তার সাফল্যের পথচলা আরও উজ্জ্বল ও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা সবার।
