নাছির উদ্দিন সোহেল;
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজার সিটি কলেজে গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কলেজের হলরুমে আলোচনা সভা, শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের সদস্য এস এম আকতার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রভাষক সানাউল হক আসিফের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে রোভার সদস্য মো. আব্দুল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহজাহান ফারুকী। এরপর গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, সংগ্রাম ও আত্মত্যাগের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী বলেন, “গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
শিক্ষক পরিষদের সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, “গণঅভ্যুত্থান নতুন প্রজন্মকে সাহস, ঐক্য ও অধিকার সচেতনতার শিক্ষা দিয়েছে। ইতিহাসের সত্য এবং গণঅভ্যুত্থানের চেতনাকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব।”
অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, “শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তাঁদের স্বপ্নের বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে।”
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর গোপাল কৃষ্ণ দাশ, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক ওমর ফারুকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক নুরুল আবছার চৌধুরী, সহযোগী অধ্যাপক হাশেমুদ্দীন, সহযোগী অধ্যাপক আবুল কালাম, সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীরা। সার্বিক সহযোগিতা করেন সহকারী অধ্যাপক মু. জসিম উদ্দিন চৌধুরী, প্রভাষক ইমরান হোসেন এবং প্রভাষক কামাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ন্যায়, সাম্য, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
