বলরাম দাশ অনুপম

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৬ জুলাই)। উৎসবটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে জেলা পূজা উদযাপন পরিষদ ও রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। পর্যটননগরী কক্সবাজারে এবারও বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে নয় দিনব্যাপী রথযাত্রা মহোৎসব উদযাপিত হবে। ঘোনারপাড়াস্থ শ্রীশ্রী রাধা দামোদর ইসকন মন্দিরের উদ্যোগে আয়োজিত এ উৎসব আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, পদাবলি কীর্তন, আরতি, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শনী।

এদিন দুপুর আড়াইটায় গোলদিঘীর পাড় চত্বরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় রথযাত্রার উদ্বোধন করা হবে। আলোচনা সভায় রাষ্ট্রীয়, প্রশাসনিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

রথের শোভাযাত্রা গোলদিঘীর পাড় থেকে শুরু হয়ে হাসপাতাল সড়ক, আইবিপি মাঠ, প্রধান সড়ক, লালদিঘীর পাড়, হলিডে মোড়, লাবণী মোড়, সার্কিট হাউস রোড, স্টেডিয়াম রোড ও হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী রাধা দামোদর ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

এদিকে রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

সভায় তিনি বলেন, অতীতের তুলনায় আরও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত হবে। উৎসবকে নির্বিঘ্ন ও অপ্রীতিকর ঘটনামুক্ত রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, শ্রীশ্রী রাধা দামোদর ইসকন মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা অরূপ শর্মা, জেলা পূজা ফ্রন্টের সদস্যসচিব কাঞ্চন চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রুবেল শর্মা, শ্রীশ্রী রাধা দামোদর ইসকন মন্দিরের প্রতিনিধি অনাদি গৌড়েশ্বর দাস ব্রহ্মচারী, সুজয় কৃষ্ণচন্দ্র দাস, মদনগোপাল কুঞ্জবিহারী দাস, তরুণ তমাল শ্যাম দাস, কমল পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রীশ্রী রাধা দামোদর ইসকন মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হবে। তিনি উৎসবে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব জগতের নাথ বা অধীশ্বর। যেসব ভক্ত বিভিন্ন কারণে মন্দিরে গিয়ে জগন্নাথদেবের দর্শন করতে পারেন না, তাদের জন্য রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাধ্যমে ভগবান জগন্নাথ নিজেই দর্শনের সুযোগ করে দেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন।