আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী আদর্শগ্রাম এলাকার একটি গুরুত্বপূর্ণ স্টিল ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়কের মাটি ধসে যাওয়ায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

শনিবার (১১ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে আদর্শগ্রাম বিজিবি চেকপোস্ট থেকে প্রায় ১০০ মিটার পশ্চিমে অবস্থিত স্টিল ব্রিজটির পশ্চিম প্রান্তে প্রবল পানির স্রোতে সংযোগ সড়কের মাটি ধসে পড়ে। এতে ব্রিজের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয় এবং যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়।

খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের নির্দেশনায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য বালুভর্তি বস্তাসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি মেরামতকাজ শুরু করেন।

পরে ব্যাটালিয়নের অধিনায়ক নিজেও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অবিরাম বৃষ্টির মধ্যেও বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ চালিয়ে যান। বালুভর্তি বস্তা ফেলে পানির প্রবাহ নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়, যাতে আরও ভাঙন রোধ করা যায় এবং ব্রিজটি সচল রাখা সম্ভব হয়।

স্থানীয়রা জানান, আদর্শগ্রাম এলাকার এই স্টিল ব্রিজটি সীমান্তবর্তী অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। টানা বর্ষণে সংযোগ সড়কের মাটি ধসে যাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে বিজিবির দ্রুত উপস্থিতি ও তাৎক্ষণিক মেরামত কার্যক্রমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্রিজটিকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, বর্ষা মৌসুমে এ ধরনের গুরুত্বপূর্ণ সেতু ও সড়কের নিয়মিত তদারকি এবং দ্রুত সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।