সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম :
বান্দরবানের আলীকদমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৭টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ বীর আলীকদম সেনা জোন।
মঙ্গলবার আলীকদম সেনা জোনের উদ্যোগে পরিচালিত এ ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। বিরূপ আবহাওয়া ও জলাবদ্ধতা উপেক্ষা করে তিনি নৌকাযোগে দুর্গত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নিজেই ত্রাণসামগ্রী তুলে দেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, টানা বর্ষণে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং বসতবাড়ি ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আলীকদম সেনা জোন এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
প্রথম ধাপে রোয়াম্বপাড়া এলাকার ৪০টি, আব্বাস কারবারিপাড়ার ৯৭টি, খুল্লামিয়াপাড়ার ২০টি এবং মংচাপাড়ার ৩০টি পরিবারসহ মোট ১৮৭টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সেনা জোন জানিয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণকালে জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।”
ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে জানায়, দুর্যোগের এ সময়ে দ্রুত খাদ্যসহায়তা পেয়ে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন এবং এটি তাদের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলীকদম সেনা জোন জানিয়েছে, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
