সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:

বান্দরবানের আলীকদমে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় সোমবার দুপুর থেকে আলীকদম-লামা সড়কের একাধিক স্থান পানির নিচে তলিয়ে গেছে। ফলে সকাল থেকেই লামার সঙ্গে আলীকদম এবং আলীকদমের সঙ্গে লামা ও চকরিয়ার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় মাতামুহুরী নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম।

স্থানীয়রা জানান, গতকাল রোববার থেকে আলীকদম ও লামা উপজেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। টানা দুই দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে সোমবার দুপুরে আলীকদম-লামা সড়কের সিলেরতুয়া, শীবাতলী, রেপারপাড়া বাজার, কাঁকড়া ঝিরি ও দপ্রু ঝিরি এলাকায় পানি উঠে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে স্থানীয়রা নৌকায় করে এসব এলাকা পারাপার হচ্ছেন।

আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজার এলাকার ইউপি সদস্য মো. বাদশা জানান, রেপারপাড়া, সিলেরতুয়া ও শীবাতলীর নিচু এলাকায় শুধু সড়কই নয়, দরিদ্র মানুষের ঘরবাড়িও প্লাবিত হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০টি পরিবার আশ্রয়কেন্দ্র ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বৃষ্টি না কমলে আরও অনেক বাড়িঘর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বলেন, “দুপুর থেকে আলীকদম-লামা সড়ক প্লাবিত হওয়ার খবর পেয়েছি। যানবাহন চলাচল বন্ধ থাকায় মানুষ নৌকায় করে যাতায়াত করছে। টানা ভারী ও মাঝারি বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য আগাম সতর্ক করা হয়েছে।”

তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।