সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম :
বান্দরবানের আলীকদম উপজেলার পানবাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নবম নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে চাকা প্রতীক নিয়ে ১১৪ ভোট পেয়ে আবুল হাসেম নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. ইউসুফ আলী পেয়েছেন ৯৭ ভোট।
সহ-সভাপতি পদে মাছ প্রতীক নিয়ে ১০৭ ভোট পেয়ে মো. গণি মিয়া নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের সুজন চৌধুরী পেয়েছেন ১০৫ ভোট।
কোষাধ্যক্ষ পদে টেবিল প্রতীক নিয়ে ১৫০ ভোট পেয়ে মো. আসহাব উদ্দিন বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের রশিদ আহামদ পেয়েছেন ৬১ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে ১৩৬ ভোট পেয়ে মোহাম্মদ হোসেন নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সিলিং ফ্যান প্রতীকের আব্দুল হামিদ পেয়েছেন ৭৩ ভোট।
এ নির্বাচনে মোট ২১৬ জন ভোটারের মধ্যে ২১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে সাধারণ সম্পাদক পদে মো. রায়হান উদ্দিন সুমন, প্রচার সম্পাদক পদে টিটু কান্তি দাশ এবং সদস্য পদে মো. নুরুল আবছার, নুর মোহাম্মদ সোনা মিয়া ও শিবু কান্তি দাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় আলীকদম থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
