আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। কর্মসূচির মধ্যে ছিল রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার মানুষের পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরেন।
পরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নির্বাচিত অসহায় ও ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। এরপর পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের সভাপতিত্বে সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন-শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। সভায় জনবান্ধব সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।