সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,আলীকদম :
বান্দরবানের আলীকদম উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।
সভায় উপস্থিত ছিলেন ৩১ বীর আলীকদম সেনানিবাসের ক্যাপ্টেন আলী তাওহীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, আলীকদম থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার ও এনজিওর প্রতিনিধিরা, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জ্বালানি তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধ, অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়াভাবে টমটম চালানো নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া বন্ধ, রোহিঙ্গাদের ভোটার হওয়া প্রতিরোধ, রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ, বাজার ব্যবস্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া আলীকদমের পর্যটন খাতের উন্নয়ন, পর্যটকদের নিবন্ধন ও নিরাপত্তা নিশ্চিত করা, ট্যুর গাইডের মাধ্যমে পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করা, বাজার ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা এবং উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং প্রয়োজনীয় প্রস্তাব ও মতামত প্রদান করেন।
