সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম :
সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের মাতামুহুরী রিজার্ভ এলাকার মেনদনপাড়ায় ২ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে মাতামুহুরী রিজার্ভের মেনদনপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় কর্মসূচির উদ্বোধন করেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি; লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মালেক, উক্যজাই মার্মা হেডম্যান, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছর লামা বন বিভাগের আওতায় ৮০ হেক্টর জমিতে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। এভাবেই একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
