সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম :

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদ্যামনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে কুরুকপাতা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ, ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, ইউনিসেফের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আলীকদম উপজেলার চারটি ইউনিয়নে একটি স্থায়ী কেন্দ্র, একটি অতিরিক্ত কেন্দ্র এবং ৯৬টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ৯৮টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, এ ক্যাম্পেইনের আওতায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ হাজার ২৩৮ জন শিশুকে লাল রঙের এবং ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৪৩৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা হ্রাস এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত জটিলতা প্রতিরোধে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উপলক্ষে স্বাস্থ্য বিভাগ নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে।