ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৬ জুন সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।
তিনি বলেন, কক্সবাজারে মাদক উৎপাদন না হলেও সারাদেশের ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। মাদকদ্রব্যের অপব্যবহারের কারণে আগামী প্রজন্ম ধ্বংস হচ্ছে। সুস্থ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, পাড়া-মহল্লায় ব্যাপক প্রচারণার পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আ. মান্নান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ে উপ-পরিচালক সোমেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম, র্্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামীম কবির, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।
সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ে উপ-পরিচালক সোমেন মন্ডল বলেন, একক কোন আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধ সম্ভব নয়। এই জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। আলোচনা সভার আগে মাদকবিরোধী র্্যালি অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের অনুষ্ঠানে মসজিদের ইমাম-খতিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।