আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদ এবং যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসাইন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে শালীনতা, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা রাজনৈতিক সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চা বজায় রাখতে ছাত্রদল সবসময় গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। অপসংস্কৃতি ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে সংগঠনের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে।
এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।
