মানবতার সেবায় অব্যাহত কার্যক্রম, ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার প্রত্যয়

আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

প্রকাশ: ২৩ জুন, ২০২৬ ০৮:২৫ , আপডেট: ২৩ জুন, ২০২৬ ০৮:২৫

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে প্রায় ৫০০ অসহায়, দুস্থ ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে আল নজির ফাউন্ডেশন। দীর্ঘদিন ধরে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসা প্রতিষ্ঠানটি এবারও মানবতার সেবায় এগিয়ে এসে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় অবস্থিত আল নজির ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাওলানা হাফেজ ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল নজির ফাউন্ডেশনের পরিচালক ড. আল্লামা হারুন আজিজি আন-নদভী। তিনি বলেন, তাঁর মরহুম পিতা অলিয়ে কামেল নজির আহমদ ও মায়ের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র, অসহায় ও এতিম মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-কষ্ট কিছুটা হলেও লাঘব করতে চাই। আমাদের এ উদ্যোগ মরহুম বাবা-মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবদুল রাজ্জাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক ও ৭১ টেলিভিশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা সংবাদদাতা আবদুর রশিদ, মাওলানা মুফতি রিদুয়ানুল হক, মাওলানা কবির উদ্দিন, মাস্টার ইস্কান্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৫০০ অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমান সময়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে এমন উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য বড় সহায়তা। তারা আল নজির ফাউন্ডেশনের এ মানবিক কার্যক্রমকে প্রশংসনীয় উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ফাউন্ডেশনের পরিচালক ড. আল্লামা হারুন আজিজি আন-নদভী বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আল নজির ফাউন্ডেশন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবকল্যাণে কাজ করে যাবে।