সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম :

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন (৩১ বীর)-এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে কুরুকপাতা মৈত্রী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে ২৭৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আলীকদম জোন সূত্রে জানা যায়, সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা সহায়ক কর্মীদের তত্ত্বাবধানে পরিচালিত এ ক্যাম্পে ১৩৩ জন পুরুষ, ৬৭ জন নারী এবং ৭৬ জন শিশুসহ মোট ২৭৬ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি রোগীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলীকদম জোন নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

এ বিষয়ে আলীকদম জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলীকদম জোন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কঠিন। সেনাবাহিনীর এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী এবং স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগকে আরও সহজলভ্য করে তোলে।

মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।