সিবিএন ডেস্ক;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে ৮ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকাল পৌনে ৫টার দিকে ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া বরুড়া পাড়া চার রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এসআই হৃদয় পাল, এএসআই কমাল উদ্দিন এবং সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এফজেড-এস মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রুবেল (২৪)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী কাটাখালী এলাকার মনু মিয়ার ছেলে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মঈন উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস ও গন্তব্য শনাক্তে তদন্ত চলছে।”

তিনি আরও বলেন, আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে গণনা করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হলে ইয়াবা পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পুলিশও জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।