চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে শিক্ষা খাতে সংঘটিত দুর্নীতির বিস্তারিত তথ্য তুলে ধরে একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন আয়োজন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের এসএসসির ফলাফল ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে তিনি শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কেও কথা বলেন। জানান, শিক্ষাক্রম (কারিকুলাম) পরিমার্জনের লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী বছর চারটি নতুন বিষয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে এবং ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

ড. মিলন আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো পর্যালোচনা করে একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।