ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
২২ মে বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
শুক্রবার শেষ দিনের প্রতিযোগিতায় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। রানার-আপ হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগ। সর্বোচ্চ ১৩৩ রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বিবিএ ১৯তম ব্যাচের রাজু। এছাড়া সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে সেরা বোলারের স্বীকৃতি পেয়েছেন এলএলবি ২৩তম ব্যাচের মেহেদী।
ইংরেজি বিভাগ ও ইসলামিক স্টাডিজ বিভাগের মধ্যকার ফুটবল ফাইনাল ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ইসলামিক স্টাডিজ বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংরেজি বিভাগের ২৪তম ব্যাচের আনোয়ার গোল্ডেন গ্লাভস এবং ১৮তম ব্যাচের নাসের ৬ গোল করে গোল্ডেন বুট অর্জন করেন। ইসলামিক স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচের আব্দুল ওয়াহাব গোল্ডেন বল পুরস্কার লাভ করেন।
মেয়েদের হাড়িভাঙা প্রতিযোগিতায় এলএলবি ২১তম ব্যাচের সাদিয়া প্রথম, ইংরেজি মাস্টার্সের মিনু দ্বিতীয় এবং ইংরেজি (অনার্স) ২১তম ব্যাচের নাহার তৃতীয় স্থান অর্জন করেন।
পিলো পাসিং প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স বিভাগের ২০তম ব্যাচের অরিত্রা দে প্রথম, ইংরেজি বিভাগের ১৮তম ব্যাচের নাবিলা মান্নান দ্বিতীয় এবং ইসলামিক স্টাডিজ বিভাগের আসমা তৃতীয় হন।
ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় আইন বিভাগের ২৫তম ব্যাচের কাজী নাদিয়া আহমেদ প্রথম, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের তামিম সালসাবিল ইফতি দ্বিতীয় এবং ইংরেজি বিভাগের ২৪তম ব্যাচের বুশরা সুলতানা ওহী তৃতীয় স্থান অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. বেলাল নূর আজিজীর সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির কাউন্সিলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম আখতার উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মো. ইউনুছ এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর।
অতিথিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। তারা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) ইমাম খাইরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার রাজিদুল হক, প্রক্টর ও বার্ষিক ক্রীড়ার আহ্বায়ক মোহাম্মদ বদিউল আলম, সহকারী প্রক্টর ও বার্ষিক ক্রীড়ার সদস্য সচিব তাওসীপ আহমেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, ক্রীড়াবিদ, শিক্ষাবিদ এবং সামাজিক ব্যক্তিত্বরা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রক্টর ও বার্ষিক ক্রীড়ার আহ্বায়ক মোহাম্মদ বদিউল আলম।
