ডেস্ক নিউজ:
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বরাবর আবেদন জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। এ বিষয়ে দেওয়া এক যৌথ বিবৃতিতে সমিতির সদস্যরা স্বাক্ষর করেন।
বিবৃতিতে আইনজীবীরা উল্লেখ করেন, জাতীয় সংসদে পাস হওয়া ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদসহ মৌলিক অধিকারের পরিপন্থী।
তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ হলেও নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।
আইনজীবীরা জানান, বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই তারা জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়-এ আবেদন করেছেন।
এছাড়া তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, রাষ্ট্রগঠন ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দলটির ওপর নিষেধাজ্ঞা আরোপ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। কোনো রাজনৈতিক দলের বিচার সংসদে নয়, বরং জনগণের আদালতেই হওয়া উচিত বলে মত দেন তারা।
অবিলম্বে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
