সিবিএন ডেস্ক:
এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে Counter Terrorism and Transnational Crime Unit (সিটিটিসি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিফাত আহমেদ, মোহাম্মদ সালমান, মেজবাউল আলম ও মোহাম্মদ মহিউজ্জামান।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে Dhaka Metropolitan Police (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন এ তথ্য জানান। অনলাইনে প্রশ্নফাঁসের নামে প্রতারণা নিয়ে এই ব্রিফিং করা হয়।

সিটিটিসি জানায়, ২০ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারির সময় একটি ফেসবুক পেজ শনাক্ত করা হয়। ওই পেজের সূত্র ধরে সেদিন রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার তাজপুরে অভিযান চালিয়ে সিফাত আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে সিফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ এপ্রিল বগুড়ার ধুনট থেকে সালমান এবং দিনাজপুরের নবাবগঞ্জের দাদনপুর মালিপাড়া এলাকা থেকে মেজবাউল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তথ্য অনুযায়ী ২৪ এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁ ইউনিয়নে অভিযান চালিয়ে মহিউজ্জামানকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার চারজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিটিটিসি জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা চালিয়ে আসছিল এবং তারা যে প্রশ্ন দিত, তার সঙ্গে প্রকৃত পরীক্ষার কোনো মিল থাকত না।