ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।
পরীক্ষার্থীরা বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানালেও শুরুতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে সকাল সাড়ে ১১টার দিকে ভুল ধরা পড়লে পরীক্ষার্থীদের নতুন করে ২০২৬ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।
ভুল সংশোধনের পর প্রায় দেড় ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হয় এবং পরীক্ষা দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত চলে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত অতিরিক্ত সময় পূর্ণ হওয়ার আগেই খাতা নিয়ে নেওয়া হয়েছে।
কয়েকজন পরীক্ষার্থী জানান, বারবার ভুল প্রশ্নের বিষয়টি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। দীর্ঘ সময় পর প্রশ্ন পরিবর্তন হওয়ায় তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়।
এ ঘটনায় অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, কেন্দ্রসচিবের দায়িত্বহীনতায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। তারা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন সরকার বলেন, ‘ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। পরে সংশোধন করে অতিরিক্ত সময় দিয়ে ২০২৬ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, বিষয়টি জানার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি এ ঘটনায় কেন্দ্রসচিবকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।
