দেশজুড়ে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা ছিল না, হয়নি। এ বিষয়ে কোনো আলোচনাও নেই। আমি সর্বপ্রথম সাংবাদিকদের ধন্যবাদ জানাই, আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের প্রচারের কারণেই সারা দেশ জেনেছে পরীক্ষা এবার নকলমুক্ত ও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আনন্দ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষা দিচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। আগামী পরীক্ষাগুলোতেও সবাইকে এভাবেই সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, পরবর্তী পরীক্ষাগুলো মনিটরিংয়ের আওতায় রাখা হবে এবং তার টিমও নিয়মিত নজরদারি করবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, “একটি শিশু যদি ট্রাফিক বা অন্য কারণে দেরি করে, তাকে শান্ত করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো আমাদের দায়িত্ব। অভিভাবক ও শিক্ষকরা এ বিষয়ে সচেতন।”
ডিএমপি কমিশনারের অনুরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রগুলো সকাল ৮টা থেকে খোলা রাখা হয়েছে, যাতে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারে।
দেরিতে আসা শিক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে সহযোগিতার মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
