বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর বিশেষ পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার ৯টি কেন্দ্রে চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র অনুযায়ী নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এর আগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার অভিযোগ উঠলেও নতুন সিদ্ধান্তে সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

উল্লেখ্য, পরীক্ষার মাত্র ৪০ ঘণ্টা আগে একটি রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত সাময়িক স্থগিতাদেশ দিয়েছিলেন। এতে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই এ সিদ্ধান্তের সমালোচনা করে দ্রুত সমাধানের দাবি জানান।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আদালতের আদেশ স্থগিত করতে আইনি প্রক্রিয়া চালানো হয় এবং চেম্বার আদালতে আপিল করা হয়। শুনানি শেষে নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের পথ সুগম হয়।

অনুসন্ধানে জানা গেছে, এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু থাকলে অনিয়ম ও বাণিজ্যের সুযোগ কমে যায়। এ কারণে একটি গোষ্ঠী বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে।