সিবিএন:
কক্সবাজার সিটি কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার রাত ৭টায় কক্সবাজার-০৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি অংশ নেয়।

সাক্ষাৎকালে কলেজের অপার সম্ভাবনা ও বিদ্যমান নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সংসদ সদস্য কলেজের সার্বিক পরিবেশ, শিক্ষার মান এবং শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নেন।

আলোচনা শেষে অধ্যক্ষ আকতার উদ্দিন চৌধুরী কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ এ শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট ও ডিগ্রির পাশাপাশি ১৪টি বিষয়ে অনার্স, ৯টি বিষয়ে নিয়মিত মাস্টার্স এবং ৬টি বিষয়ে প্রিলিমিনারি ও প্রাইভেট মাস্টার্স কোর্স চালু রয়েছে। তবে গত ১৭ বছরে সরকারি তহবিল থেকে কোনো নতুন ভবন নির্মাণ না হওয়ায় তীব্র শ্রেণিকক্ষ সংকট দেখা দিয়েছে, যা শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত করছে।

এ প্রেক্ষিতে অধ্যক্ষ একটি ৮ তলা ভবন নির্মাণের আবেদন জানালে সংসদ সদস্য তা গ্রহণ করে দ্রুত ভবন নির্মাণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি কলেজ জাতীয়করণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং এ বিষয়ে ডিও লেটার প্রদান করেন।

আগামী পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকারও সম্মতি জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক মংম্রাছিন এবং শিক্ষক পরিষদের অর্থ সম্পাদক ও প্রভাষক কামাল উদ্দিন।