শনিবার সশরীরে ক্লাস, রবিবার অনলাইন—নতুন শিক্ষাপদ্ধতির ঘোষণা

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ০২:০১ , আপডেট: ৯ এপ্রিল, ২০২৬ ০২:০১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে সশরীরে ক্লাস করানোর পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রবিবার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফ’-এর যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, নতুন সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার চলবে অনলাইন ক্লাস। অর্থাৎ, সপ্তাহে তিন দিন অফলাইন ও তিন দিন অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে শুধুমাত্র মহানগর ও মেট্রোপলিটন এলাকার বেশি শিক্ষার্থীসংবলিত শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হবে, সারা দেশে নয়। আগামী সোমবার থেকে এ নতুন ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, অনলাইন ক্লাস পরিচালনার জন্য শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই পাঠদান করবেন। পাশাপাশি ওয়াইফাইসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, সব প্রতিষ্ঠানকে এ সিদ্ধান্ত মানতে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, যা শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।