সারা দেশে এখনো ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন লিখিত প্রশ্নে জানতে চান, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে কিনা। যদি না থাকে, তবে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা কত এবং সেসব গ্রামে সরকারি উদ্যোগে বিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা আছে কিনা।
জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। বিভাগভিত্তিক হিসেবে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা হলো—ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রামে ৮১৮টি, রাজশাহীতে ৩৫৫টি, রংপুরে ৩৭টি, খুলনায় ৩৪৯টি, বরিশালে ৪৫টি, সিলেটে ২৬০টি এবং ময়মনসিংহে ২৬৬টি; মোট ২,৮৪৭টি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এসব বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব এলে প্রয়োজনীয়তা ও নির্ধারিত শর্ত বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
