১৩ মামলায় জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা, অতিরিক্ত ভাড়া ও অনিয়মে কঠোর অবস্থানে প্রশাসন

কক্সবাজারে ঈদ-পরবর্তী যাত্রীচাপ, ভাড়া নৈরাজ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬ ১২:০০ , আপডেট: ২৯ মার্চ, ২০২৬ ১২:২১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


এআর আরিফ, সিবিএন ;

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে পর্যটন নগরী কক্সবাজারে অবস্থানরত পর্যটকদের নিজ নিজ গন্তব্যে ফেরার সময় ঘনিয়ে আসায় সড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়, মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে গাড়ি পরিচালনা এবং পরিবহন খাতে নানা অনিয়মের অভিযোগ ওঠে।

এ প্রেক্ষিতে জেলা প্রশাসন কক্সবাজারের উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পুলিশ ও আনসারের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট ছাড়াই যানবাহন পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মামলা ও জরিমানা করা হয়। এদিন মোট ১৩টি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, “জনস্বার্থে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জেলা প্রশাসনের এ উদ্যোগে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।