সিবিএন ডেস্ক ;

চলতি বছর থেকেই দেশের সব শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র চালু এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয়ের লক্ষ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। বর্তমানে একজন শিক্ষার্থী দশম শ্রেণি শেষ করার পর পরবর্তী বছর এসএসসি এবং একইভাবে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় তাদের শিক্ষাজীবনের প্রায় দুই বছর সময় নষ্ট হচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে। একই সঙ্গে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কক্ষে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা ও সমস্যা চিহ্নিত করতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিজ নিজ কেন্দ্র পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষায় নকল ও অনিয়ম নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। অতীতের অনিয়মের ঘটনাগুলোও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিষয় সংখ্যা কমানোর সম্ভাব্যতা যাচাইয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশের বিকল্প নেই। বিভাগীয় পর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।