সিবিএন :
কক্সবাজার সিটি কলেজে ২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কলেজের মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর এস. এম. আকতার উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক কে. এম. সানাউল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এবং প্রফেসর গোপাল কৃষ্ণ দাশ।
গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা আয়োজন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, “২৫শে মার্চের কালরাত্রি বাঙালি জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনাবিধুর অধ্যায়। এই দিনটি আমাদের শুধু শোকাহতই করে না, বরং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দায়িত্বও স্মরণ করিয়ে দেয়।”

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “১৯৭১ সালের ২৫শে মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত জাতিনিধন। কিন্তু সেই নির্মমতা বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমাতে পারেনি; বরং তা আরও বেগবান করেছে।”
বিশেষ অতিথি এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার বলেন, “গণহত্যা দিবস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির অসীম ত্যাগের কথা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের ন্যায়, সত্য ও মানবিকতার পক্ষে অবস্থান নিতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরী বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু পাঠ্যপুস্তকের বিষয় নয়; এটি আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিও দাবী করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর গোপাল কৃষ্ণ দাশ, সহযোগী অধ্যাপক হাশেমুদ্দীন, সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবুল কালাম, সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম ও প্রভাষক এহসান উদ্দীন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তানিছা তাহছিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ ফাহাদ বিন হাবীব।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
