ঢাকা, ১ মার্চ: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যুদ্ধ বন্ধ না করলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
রোববার (১ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ প্রাঙ্গণে ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, “ইরানে যে হামলা চলছে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আয়াতুল্লাহ খামেনির আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি এ যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।”
তিনি বলেন, জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হলেও বর্তমানে তারা কয়েকটি দেশের পক্ষে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেন। তিনি জাতিসংঘ ও ওআইসিকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। তার মতে, “এভাবে চলতে থাকলে একসময় জনগণই জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলবে।”
সমাবেশে তিনি আরও বলেন, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; এর প্রভাব বিশ্বব্যাপী পড়বে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
জামায়াতের নায়েবে আমির বলেন, “যুদ্ধ বন্ধ না হলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।” একই সঙ্গে ইসরায়েলি পণ্য বর্জনেরও ইঙ্গিত দেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আগের সরকারের মতো হত্যাকাণ্ড শুরু হয়েছে এবং জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর জুলুম করা হচ্ছে। তবে জামায়াত ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন, মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
