# ১১ সদস্য বিশিষ্ট কমিশন গঠিত
# মনোনয়নপত্র দাখিল বুধবার
# মোট ভোটার ৯৪৩ জন
# ভোট কেন্দ্র ২টি
# ২১ ফেব্রুয়ারী সাধারণ সভা
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আগামী ২৮ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। নির্বাচন উপলক্ষে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি গত ৭ ফেব্রুয়ারী ৯৪৩ জন আইনজীবীর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী মোহাং আহমদ কবির অ্যাডভোকেটকে প্রধান নির্বাচন কমিশনার করে ১১ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আগামী শনিবার (২১ ফেব্রুয়ারী) সমিতির বার্ষিক সাধারণ সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আইনজীবীদের সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ঘোষিত তফশীল অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, একইদিন দুপুর ২টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২টি ভোট কেন্দ্র যথাক্রমে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ করা হবে। মোট ৯৪৩ জন ভোটারের মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ৮৬১ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন ভোট কেন্দ্রে ৮২ জন আইনজীবী ১৭টি পদে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২০২৫ সালের নির্বাচনে সমিতির মোট ভোটার ছিলো ৯১৮ জন।
নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী মোহাং আহমদ কবির অ্যাডভোকেটকে প্রধান নির্বাচন কমিশনার, এম. রেজাউল করিম অ্যাডভোকেট, সৈয়দ রাশেদ উদ্দিন অ্যাডভোকেট ও মোস্তাক আহমদ-৪ অ্যাডভোকেটকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, ফরিদ আহমদ অ্যাডভোকেট, নুর আহমদ-২ অ্যাডভোকেট, আবু ছিদ্দিক অ্যাডভোকেট, তাপস রক্ষিত অ্যাডভোকেট, মোহাম্মদ সিরাজউল্লাহ অ্যাডভোকেট, এ.কে ফিরোজ আহমদ অ্যাডভোকেট ও মোহাং আরিফ উল্লাহ অ্যাডভোকেটকে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের উদ্যোগে আগামী ২৩ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।
১৯০১ সালে প্রতিষ্ঠিত জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এবারই প্রথম রোজাতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে, নির্বাচন ঘনিয়ে আসায় জেলা আইনঙ্গনে আলোচনা বেশ জমে উঠেছে। সমিতির রেওয়াজ অনুযায়ী বিএনপি, জামায়াতে ইসলাম, এবি পার্টি সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমমনা আইনজীবীদের একটি প্যানেল এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি সহ আরো কিছু রাজনৈতিক দল মিলে পৃথক আরেকটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যূত্থানের পর আওয়ামী লীগ ও তাদের মিত্র দল গুলো ২০২৫ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিতভাবে কোন প্যানেল দেয়নি। বিচ্ছিন্নভাবে ৩টি পদে আওয়ামী লীগ ঘরনার ৩ জন প্রার্থী ও এবি পার্টি সমর্থিত একজন প্রার্থী সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে মাত্র। ফলে বিএনপি ও জামায়াত ইসলাম পৃথক দুটি প্যানেল দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এ নির্বাচনে সমিতির কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৯টি পদে বিএনপি মনোনীত প্যানেল, জামায়াত ইসলাম মনোনীত প্যানেল সিনিয়র সহ সভাপতি সহ ৬টি পদে এবং আওয়ামী লীগ ঘরনার ২জন প্রার্থী জয়লাভ করে।
সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হচ্ছে, সভাপতি ১জন, সিনিয়র সহ সভাপতি ১জন, সহ সভাপতি ১জন, সাধারণ সম্পাদক ১জন, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) ১জন, সহ সাধারণ সম্পাদক (হিসাব) ১জন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক ১জন, আপ্যায়ন সম্পাদক ১জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১জন, সিনিয়র নির্বাহী সদস্য ৪জন ও নির্বাহী সদস্য ৪জন। ১৭ সদস্য বিশিষ্ট সমিতির কার্যনির্বাহী পরিষদে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আদালত আইনজীবী সমিতি থেকে একজন করে সদস্য কো-অপ্ট করা হবে।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাং আহমদ কবির কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সম্মানিত ভোটার সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
